গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বাদ যাচ্ছে আইসিটি!

২৪ এপ্রিল, ২০২২ ১৩:৩০  
শিক্ষার্থীদের আগ্রহ নেই। তাই ২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার সিলেবাস থেকে বাদ পড়তে যাচ্ছে আইসিটি। তবে গণিত ও পদার্থ বিজ্ঞানের সঙ্গে থাকা এই আইসিটি বিষয়ের পরিবর্তে কোন বিষয়টি অন্তর্ভূক্ত করা হবে তা নিয়ে একটি সিলেবাস প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে পরীক্ষা আয়োজক কমিটি। এই কমিটির সুপারিশের ভিত্তিতে এটি চূড়ান্ত করা হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফলে যে বিষয়গুলোর ওপর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি সেগুলোর সিলেবাস কেমন হবে সেটি ঠিক করবে সিলেবাস প্রণয়ন কমিটি। এছাড়া ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আইসিটি বিষয় পছন্দে শিক্ষার্থীদের অনাগ্রহ এবং বিষয়টি থেকে প্রশ্ন করে খুব একটা সুবিধা না পাওয়ায় এবারের ভর্তি পরীক্ষায় আইসিটি বিষয় বাদ দেওয়ার বিষয়টি উঠে এসেছে সামনে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শিগগিরই এ নিয়ে বৈঠকে করতে যাচ্ছে সিলেবাস প্রণয়ন কমিটি। এই কমিটির আহবায়ক করা হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদকে। যুগ্ম আহবায়ক করা হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূরকে। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর ডিজিবাংলাকে বলেন, গতবছরের ভর্তি পরীক্ষায় আইসিটি বিষয় রেখে খুব একটা সুবিধা হয়নি। সেজন্য আমাদের বেশ কয়েকজন সদস্য ভর্তি পরীক্ষার সিলেবাস থেকে আইসিটি বিষয়টি বাদ দেওয়ার প্রস্তাব করেছেন। কেননা গতবার আইসিটি বিষয়ে স্টুডেন্টরা খুব একটা চয়েজ দেয়নি। কারণ আইসটি বিষয়ে কোনো বিশ্ববিদ্যলায় খুব একটা স্টুডেন্ট ভর্তি করে না। ভর্তির জন্য ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্র ও বায়োলজি এগুলোই দেখা হয়। অর্থাৎ কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সাবজেক্ট চয়েজের জন্য আইসিটিকে আলাদা ভাবে রিকগনাইজ করে না। সেই হিসেবে আমরা এটি নিয়ে বৈঠক করব। বৈঠকে শিক্ষার্থীদের অনাগ্রহের বিষয়টি পর্যালোচনা করে আদৌ ভর্তি পরীক্ষায় আইসিটি রাখা হবে কি না তা নির্ধারণ করা হবে। বৈঠকে নেয়া সিদ্ধান্ত ভর্তি পরীক্ষা আয়োজক কমিটিকে জানিয়ে দেওয়া হবে। এরপর তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তাহলে আইসিটি’র স্থলে কোন বিষয়টি অন্তর্ভূক্ত করা হবে সে বিষয়েও একই বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল সংক্রান্ত কাজের ক্ষেত্রে এবারও মূল দায়িত্ব পালনকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর। এই কমিটিতে যুগ্ম আহবায়কের দায়িত্ব দেওয়া হয়েছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতারকে।